
নিজস্ব প্রতিবেদক, বরগুনা – বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মাইঠা এলাকার বাসিন্দা মো. আসাদুজ্জামান রাজুর ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা আইডিটি নিয়ন্ত্রণে নিয়ে তাঁর পরিচিত ও আত্মীয়স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিং সেবা ‘বিকাশ’-এর মাধ্যমে টাকা দাবি করছে বলে জানা গেছে।
এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ মোহসেনা মনি গতকাল (১৪ মার্চ, ২০২৬) বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেছেন। জিডি নম্বর- ৬১৯।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ভোর আনুমানিক ৪টার দিকে আসাদুজ্জামান রাজুর ব্যক্তিগত ফেসবুক আইডিটি (Asaduzzaman Bin Matiar) অজ্ঞাত হ্যাকারদের কবলে পড়ে। এরপর থেকেই হ্যাকাররা রাজুর ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা বিভিন্ন ব্যক্তি ও তাঁর আত্মীয়স্বজনদের ইনবক্সে একটি নির্দিষ্ট বিকাশ নম্বর (০১৮৫৮৫৪৫৯৫৫) পাঠিয়ে টাকা পাঠাতে বলছে।
ভুক্তভোগী পরিবার আশঙ্কা করছে, হ্যাকাররা আইডিটি ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসাদুজ্জামান রাজুর সামাজিক সম্মানহানি করতে পারে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ডিউটি অফিসার জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পরিবারের পক্ষ থেকে রাজুর ফেসবুক বন্ধুদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য এবং ওই আইডি থেকে আসা যেকোনো বার্তায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।