
নিজস্ব প্রতিবেদক -ঢাকা
৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) মোতাবেক এই কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অপসারিত কর্মকর্তারা হলেন: সাজিদ বিন কামাল (বিপি-৯৭২৫৯০০৯৪৩), রতন বালা (বিপি-৯৬২৫৯০০২৭৮), মো: আব্দুল আজিজ (বিপি-৯৮২৫৯০০২৭৩),তাহমিদ আহমদ (বিপি-৯৭২৫৯০০২৪৯)
প্রজ্ঞাপন অনুযায়ী, তারা সবাই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।