
নিজস্ব প্রতিবেদক : “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৬। এ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন (মিরপুর-১৪, ঢাকা)-এ এক বিশেষ আলোচনা সভা, মেধা বৃত্ত প্রদান, অনুদান বিতরণ, সাদাছড়ি প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও অনুদান প্রদান করা হয়। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদ চলাচলের জন্য প্রতীকী ও সহায়ক উপকরণ হিসেবে সাদাছড়ি বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সভাপতির বক্তব্যে বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, সমাজে তাঁদের সমান অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও সুষম বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।