
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মুস্তাক একটি অডিও ফোনালাপ ছড়িয়ে পড়েছে। ফোনালাপে দুই উপজেলার উন্নয়ন বরাদ্দের হিসাব এবং গণমাধ্যমে আসা ডিসির একটি বক্তব্য নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ হতে দেখা যায়।
ভাইরাল হওয়া ওই ফোনালাপে দেখা যায়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জেলা প্রশাসকের কাছে নির্দিষ্ট কিছু বরাদ্দের ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মুস্তাক তা পরিষ্কার করার চেষ্টা করেন।
কথোপকথনের একপর্যায়ে জেলা প্রশাসক বলেন, “রাজস্ব খাত না, সব খাত মিলায়ে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে, আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে তো ১০ কোটি, প্রায় ১০ কোটির কাছাকাছি। আর ঐখানে গেছে ১৫ কোটি।”
তিনি আরও যোগ করে বলেন, “তা আপনে টাকা খাইছেন, সেটা তো আমি বলি নাই। আমি বলছি, ডেভেলপমেন্টের ওয়ার্কেই আপনারা দুই উপজেলাতেই নিয়া গেছেন ২৫ কোটি।”
জেলা প্রশাসকের এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র আপত্তি জানান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি প্রশ্ন করেন, “আপনি কী বলছেন? আপনি এটা বলছেন?” একই সাথে তিনি ডিসির পূর্বের একটি বক্তব্য উল্লেখ করে বলেন, “আমি আপনার বক্তব্য পাঁচবার শুনছি।”
জবাবে জেলা প্রশাসক নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “এটা হয়তো মিডিয়ায় পুরাটা হয়তো আসে নাই আরকি, সেটা হইতে পারে। বাট আমি মিন করতে চাইছি এইটাই। পুরা কথা হয়তো আসে নাই। আপনে খাইছেন সেটা আমি বলি নাই, আমি বলছি আপনার এলাকায় কাজের জন্যই নিছেন। কাজ ছাড়া তো আর হবে না, কাজ করছেন।”
উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এবং তা নিয়ে গণমাধ্যমে আসা বক্তব্যকে কেন্দ্র করে একজন সংসদ সদস্য ও জেলা প্রশাসকের মধ্যকার এমন ফোনালাপ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।