
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, খুলনা :
পবিত্র সিরাতুন্নবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও ইসলামী সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইলাইপুর উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার (৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৭টায় মসজিদ প্রাঙ্গণে শুরু হওয়া এ আয়োজনে অর্ধশতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যায়।
শুক্র ও শনিবার প্রথম সেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাহফুজ আহমেদ। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন এন এন এস কে মহিলা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান ও বাইতুল নূর মসজিদের ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম। সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ তারেক মনোয়ার ও হাফেজ মুহাম্মদ জাকারিয়া। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে তাদের প্রতিভা ও মেধার স্বাক্ষর রাখে। আয়োজকদের মতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে বাদ আসর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ডি সি এস এম হারুন অর রশিদ। আলোচনা সভা শেষে তিনি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন।