
ধুপছায়া ডেস্ক:
সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে নতুন এই বেতন কাঠামো প্রকাশ করা হয়।
এর আগে, গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থ বিভাগ জানিয়েছে, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন বেতন কাঠামো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডভেদে কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর ফলে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকায় দাঁড়াবে। অন্যদিকে, ১ নম্বর বা প্রথম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ২২ জানুয়ারি সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় এই কমিশন, যেখানে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর নানা সুপারিশ করা হয়েছিল।