
ঢাকা প্রতিনিধি -রাসেল মিয়া
পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ করে আগামী শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পালিত হবে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠক শেষে জানানো হয় যে, দেশের সব জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হবে।
সারাদেশে এখন ঈদের আনন্দের অপেক্ষা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় শেষ।
জাতীয় ঈদগাহ: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
বায়তুল মোকাররম: প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।