
বরিশাল জেলা প্রতিনিধি
বরিশাল নগরীর অন্যতম বিনোদন ও সৌন্দর্যবর্ধন কেন্দ্র চৌমাথা লেক এলাকায় আবারও রাতের আঁধারে ফুটপাত দখল করে অ/বৈধ দোকানপাট বসানোর অভিযোগ উঠেছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দর্শনীয় স্থানটি দখলমুক্ত রাখতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চলমান অভিযানের মাঝেই এই ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে মহাসড়কের পাশে প্রায় এক ডজন দোকান বসানো হয়। এর ফলে সাধারণ পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
খবর পেয়ে গত শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিসিসির উচ্ছেদ শাখা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দেয়। তবে শনিবার (১০ অক্টোবর) দুপুরে সরেজমিন দেখা যায়, নির্দেশ অমান্য করে দোকানগুলো এখনো সারিবদ্ধভাবে রয়ে গেছে।
এদিকে ব্যবসায়ীদের দাবি, সাবেক প্রশাসকের আমলে বিসিসির অনুমতি, নির্দিষ্ট মাপের লোগো এবং টোকেনের মাধ্যমেই তারা ব্যবসা পরিচালনা করছেন। তবে বিসিসির উচ্ছেদ শাখার কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এলাকাটি পরিদর্শন করে দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈ/ধ দখলদাররা সরে না গেলে আজ রবিবার (১১ অক্টোবর) বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।