
ধুপছায়া ডেস্ক
দেশের প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারী সাধারণ গ্রাহকদের জন্য বড় সুখবর এসেছে। বিদ্যুৎ খাতে গ্রাহকদের ওপর থাকা অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সরকার। প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল করার ফলে সাধারণ মানুষের আর্থিক দুর্ভোগ লাঘব হবে এবং গ্রাহক পর্যায়ে স্বস্তি ফিরে আসবে।
আজ বুধবার (৩ জুন ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মিডিয়া সেলের পোস্টে উল্লেখ করা হয়, বিএনপি সরকারের ১০০ দিনের কার্যক্রমের অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘব করতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের এই অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে, যা সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করবে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। মন্ত্রীর সেই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে সাধারণ গ্রাহকদের মনে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল।
এতোদিন প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা হারে ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে প্রতি মাসে ৪০ টাকা মিটার ভাড়া দিতে হতো। এর সঙ্গে যুক্ত হতো আরও ৫ শতাংশ ভ্যাট। ফলে অনেক সময় গ্রাহক বিদ্যুৎ ব্যবহার না করলেও এই নির্দিষ্ট মাসিক খরচটি বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হতো।
দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। অনেকেই এটিকে একটি অতিরিক্ত ও অযৌক্তিক বোঝা হিসেবে অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশজুড়ে লাখ লাখ প্রিপেইড বিদ্যুৎ গ্রাহক সরাসরি উপকৃত হবেন।