
ঢাকা প্রতিনিধি : জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)। এ সময় তিনি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পরিধি বাড়ানো এবং শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশনা প্রদান করেন।
এর আগে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে নবনিযুক্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সোসাইটির সম্মানিত সভাপতি, সহ-সভাপতি ও সিনিয়র সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ৮ তলায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় মন্ত্রী উপস্থিত সবার সাথে পরিচিত হন এবং কার্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের মোট সংখ্যা, বেতন বরাদ্দ ও তা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে সমাজকল্যাণ মন্ত্রী শূন্য পদের সংখ্যা এবং মোবাইল থেরাপি ভ্যানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। দেশের ৬৪ জেলার মধ্যে যেসব এলাকায় এখনো মোবাইল থেরাপি ভ্যান পৌঁছায়নি, সেখানে দ্রুত এই সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
বর্তমানে ২৩টি সেবা কেন্দ্র সমাজসেবা কমপ্লেক্সে পরিচালিত হচ্ছে এবং বাকিগুলো ভাড়া বাড়ীতে রয়েছে উল্লেখ করে মন্ত্রী অবশিষ্ট কেন্দ্রগুলোকেও পর্যায়ক্রমে সমাজসেবা কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেন। এছাড়া, পূর্ববর্তী বোর্ড সভার তারিখ, গৃহীত রেজুলেশনের অগ্রগতি এবং আগামী বোর্ড সভা আয়োজনের জন্য দ্রুত নোটিশ জারির নির্দেশ দেন।
কাজের গতিশীলতা বাড়াতে এবং সেবার মান উন্নয়নে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানতে চান, “জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নের কাগজপত্র এবং অর্গানোগ্রামের ফাইল এখনো কেন আমার টেবিলে পৌঁছায়নি?” তিনি এই প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।
মতবিনিময় সভায় মন্ত্রী মহোদয় ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে বিভিন্ন বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত পেশ করেন। এ সময় সংগঠনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।