
ধুপছায়া ডেস্ক
দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০২৬’ চূড়ান্তকরণের লক্ষ্যে আগামী ২৮ জুন (রবিবার) একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যেই এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী রবিবার দুপুর ১২ টায় বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩২৩, ভবন নং-০৬) এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সহজে, দ্রুত এবং সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে শতভাগ সেবা ও প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন, তা নিশ্চিত করতেই এই নতুন নীতিমালা সাজানো হচ্ছে।
নীতিমালাটি চূড়ান্ত করতে জনপ্রশাসন, অর্থ, আইন, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রধান প্রধান মন্ত্রণালয়ের সচিব ও শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগের এই সমন্বিত উদ্যোগের ফলে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রগুলোর সেবার মান আগামীতে আরও বৃদ্ধি পাবে এবং এটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।