
বিশেষ প্রতিনিধি মো: রাসেল মিয়া, ঢাকা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অস্ট্রেলিয়ান এইড-এর সহায়তায় ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ (JPGSPH) পরিচালিত এই গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, ঢাকার মিরপুর-১৪ অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
গবেষণার মূল প্রতিপাদ্য ছিল— “বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন: সামাজিক সুরক্ষা কর্মসূচির মিশ্র-পদ্ধতি মূল্যায়ন”। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান খাতে বিদ্যমান জাতীয় সামাজিক সুরক্ষা উদ্যোগগুলোর কার্যকারিতা পর্যালোচনা করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে এগুলোকে আরও সংবেদনশীল ও শক্তিশালী করার দিকনির্দেশনা প্রদান করাই ছিল এই গবেষণার প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব তরিকুল আলম। এছাড়াও এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) (যুগ্ম সচিব) সোনামনি চাকমা, উপ-পরিচালক ডা. রাজিব হাসান এবং উপ-পরিচালক জনাব মো. সেলিম হোসেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক জেপিজিএসপিএইচ-এর ডীন ড. লরা জে. রাইখেনবাক। গবেষণার মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রফেসর ড. তানভীর হাসান ও তাঁর সহকর্মী সৃষ্টি চাকমা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিমিয়া দেওয়ান। সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়নে কর্মরত বিভিন্ন সরকারি, বেসরকারি ও অংশীদার সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন এবং তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, এই গবেষণালব্ধ তথ্য ও সুপারিশসমূহ প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তব চাহিদা অনুধাবনে অত্যন্ত সহায় ভূমিকা পালন করবে। প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে ভবিষ্যতে অধিকতর সমন্বিত নীতি প্রণয়ন এবং সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে— যা পরিশেষে একটি সমতাভিত্তিক ও প্রতিবন্ধী-বান্ধব বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে।