
নিজস্ব প্রতিবেদক ঢাকা : আধুনিক সভ্যতায় বিদ্যুৎ ছাড়া উন্নয়ন, শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতি কল্পনা করা যায় না। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এখন সময়ের অপরিহার্য দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি, এমপি।
মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত “Solar Revolution: Lessons for Bangladesh from National Budget Perspective” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, “বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং বাংলাদেশও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। দেশের জ্বালানি খাতকে পরিবেশবান্ধব করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারাদেশে সৌরবিদ্যুতের প্রসারে বিভিন্ন কার্যকর ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছেন। সরকার সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
প্রধানমন্ত্রীর বর্তমান বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে মালয়েশিয়া ও চীন সফরে রয়েছেন। এই দুটি সফর বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে উল্লেখযোগ্য ইতিবাচক অগ্রগতির বিষয়ে দেশবাসী শিগগিরই সুখবর পাবে।”
সৌরবিদ্যুতের অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধার কথা উল্লেখ করে নূরুল ইসলাম মণি জানান, জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায় ইতোমধ্যে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ দীর্ঘমেয়াদে অত্যন্ত লাভজনক। সাধারণত মাত্র চার বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং পরবর্তী দীর্ঘ সময় ধরে এসব প্রকল্প থেকে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি পরিবেশগত সুফলও পাওয়া যায়।”
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চিফ হুইপ দেশের জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) আরও জোরদার করা, প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে দেশি-বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সিপিডি আয়োজিত উক্ত সংলাপে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিশিষ্ট বিশেষজ্ঞবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।