
নিজস্ব প্রতিবেদক – ঢাকা। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ই-সার্ভিসসমূহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও সহজলভ্য ও ব্যবহারোপযোগী করার লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ মে ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ‘ই-সার্ভিসসমূহের ওয়েব অ্যাক্সেসিবিলিটি নিশ্চিতকরণ’ শীর্ষক এই কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো: তরিকুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে, মো: তরিকুল আলম বলেন, “বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণের এই সময়ে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ই-সার্ভিসসমূহ যেন কোনো প্রকার বাধা ছাড়াই ব্যবহার করা যায়, সে বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।” তিনি আরও জানান যে, ওয়েবসাইটের কন্টেন্ট এবং সেবাগুলো যেন দৃষ্টি, শ্রবণ বা শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিরা সহজেই বুঝতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মশালায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়েব অ্যাক্সেসিবিলিটির আন্তর্জাতিক মানদণ্ড (WCAG) অনুসরণ করার গুরুত্ব তুলে ধরেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে স্ক্রিন রিডার সুবিধা, ভিডিওতে সাবটাইটেল এবং সহজ নেভিগেশন যুক্ত করার মাধ্যমে কীভাবে সেবাগুলো আরও অন্তর্ভুক্তিমূলক করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।