
ঢাকা প্রতিনিধি -রাসেল মিয়া
বর্তমান সরকারের প্রথম ১০০ দিনের মেয়াদেই জনগণের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যা সাধারণ মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।
আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের সফল ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সরকারের গত ১০০ দিনের কাজের একটি খতিয়ান তুলে ধরেন মাহাদী আমিন। তিনি জানান:
গত ১৭ ফেব্রুয়ারি বর্তমান মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা অনুষ্ঠিত হয়েছে।
এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মধ্যে ইতিমধ্যে ৩৭টি সিদ্ধান্ত (প্রায় ৬২%) সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বর্তমানে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
মুখপাত্র তার বক্তব্যে উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়কাল থেকেই দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে ধারা শুরু হয়েছিল, বর্তমান সরকারও তা বজায় রাখতে বদ্ধপরিকর। সরকার সাংবাদিকদের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
তবে এই স্বাধীনতার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,”একটি সুনির্দিষ্ট গোষ্ঠী এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে সমাজে বিশৃ/ঙ্খলা ও অপ/প্রচার ছড়ানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদসহ রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর ও অশোভন প্রচারণা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য মারা/ত্মক হুমকিস্বরূপ।”
মাহাদী আমিন জোর দিয়ে বলেন, বর্তমান সরকার একদিকে যেমন মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন বজায় রাখতে সর্বোচ্চ সহিষ্ণুতা দেখাচ্ছে, অন্যদিকে বাকস্বাধীনতার আড়ালে বিদ্বেষ ছড়ানো এবং অপপ্রচারের রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ধরনের অপকৌশল গণঅভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।