
নিজস্ব প্রতিবেদক:
বিগত সরকারের অপশাসনের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসন দেশকে ভেতর থেকে ফোকলা করে দিয়ে গেছে। বর্তমানে দেশে চলমান গ্যাস সংকট আগামী কয়েক দিনের মধ্যেই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সাথে বিদ্যুৎজনিত সমস্যার কারণে তৈরি হওয়া জনদুর্ভোগ নিয়ে গভীর দুঃখ প্রকাশ করে সরকারপ্রধান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষদের আর্থিক সহায়তার চেক বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বক্তব্যে আগামী এক দশকের জ্বালানি খাতের রূপরেখা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের আগামী ১০ বছরের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে।
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, রাস্তায় বিশৃঙ্খলা না করে যেকোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে তা সংসদে তুলে ধরা উচিত। রাজনৈতিক ইতিহাসের নানা প্রেক্ষাপটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অতীতেও ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানেও দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সমালোচনার বদলে বিরোধী দলগুলোকে সরাসরি জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।