
নিজস্ব প্রতিবেদক-ধুপছায়া
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে ঢাকার সাভার ও মানিকগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়ার মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্রে সশরীরে উপস্থিত হন।
পরিদর্শনকালে মন্ত্রী কেন্দ্রগুলোতে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া তিনি উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, “অত্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”
শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি যেন না হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার কেন্দ্রগুলো সকাল সাড়ে ৮টার মধ্যেই খোলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা পরীক্ষা কেন্দ্রের আশপাশে অযথা ভিড় করবেন না।”
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সহায়তা করার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।