
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার
টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার (১৩ জুলাই) সকালে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পেরে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।
কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। পরীক্ষার্থী সামিয়া আলম জানান, পানি মাড়িয়ে কেন্দ্রে এসে কয়েকজনের সহযোগিতায় নৌকায় করে হলে প্রবেশ করতে হয়েছে। তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, মাঠে পানি থাকলেও পরীক্ষার কক্ষে পানি ঢোকেনি। দেরিতে আসা পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ জানান, বোর্ডের অধীন ছয় জেলায় জলাবদ্ধতা হলেও কোনো কেন্দ্রের কক্ষে পানি প্রবেশ করেনি। বিলম্বে আসা পরীক্ষার্থীদের বিষয়ে মানবিক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।