
খাঁন মোঃ শফিকুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন সাংবাদিক কে এম কামরুজ্জামান জুয়েল রানা। একজন যোগ্য ও সৎ নেতৃত্বের মাধ্যমে সুন্দর, শান্তিপূর্ণ এবং উন্নত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জুয়েল রানা এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের মাঝেই বেড়ে ওঠা। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তাই আপনাদের পাশে থেকে আপনাদের স্বপ্ন পূরণে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজ করতে চাই।”
তিনি তার অঙ্গীকার ব্যক্ত করে আরও জানান, দু/র্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান হবে কঠোর। সবার জন্য সমান সেবা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইউনিয়নকে ঢেলে সাজানোই তার মূল লক্ষ্য। বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান ও ধর্মীয়-সামাজিক মূল্যবোধ রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করতে চান।
জুয়েল রানা বলেন, “ক্ষমতা নয়, সেবাই হবে আমার একমাত্র লক্ষ্য। আপনাদের প্রত্যেকের মতামতকে সম্মান দিয়ে আমি একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।” পরিবর্তনের পথে সকলকে একসাথে হাঁটার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকাবাসীর একটি ভোটই হতে পারে আগামীর নতুন ভবিষ্যতের সূচনা।
উল্লেখ্য, কে এম কামরুজ্জামান জুয়েল রানা খুলনা জেলা ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন এবং সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার এই প্রার্থী হওয়ার ঘোষণায় ৫নং ঘাটভোগ ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।