
খাঁন মোঃ শফিকুল ইসলাম , খুলনা:
খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠ এখন সরগরম। আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর সমর্থনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার ঘাট এলাকায় এই প্রচার অভিযানের উদ্বোধন করা হয়।
প্রচারণার শুরুতেই বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং লেগুনা, বাস, টেম্পু, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে প্রার্থীর ছবি সম্বলিত স্টিকার লাগিয়ে প্রচারণা চালান।
প্রচারণা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আতাউর রহমান রুনু একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজপথে থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে গেছেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রূপসার মাটি ও মানুষের নেতা আজিজুল বারী হেলালের স্নেহভাজন রুনু নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোল্লা জাহিদ, খান ওহিদুজ্জামান, মাসুদ হোসেন, নয়ন মোড়ল, মো. রয়েল, রাজিব এবং রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারেফ শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আসাদুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক নিয়াম মল্লিক ও ফারুক বাবু, আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু মল্লিক, সদস্য সচিব লিটনসহ শাহিন, নাসির, আরিফ, কালাম ও বাবুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।