
নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব এস, এম, মনিরুল হাসান বাপ্পী’র পক্ষ থেকে রূপসা দারুচ্ছুন্নাত মাদ্রাসার এক অসচ্ছল শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। তবে এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে এক ব্যতিক্রমী রাজনৈতিক সৌহার্দ্য ও সমাজসেবার চিত্র।
জানা গেছে, দূর-দূরান্ত থেকে মাদ্রাসায় এসে পড়ালেখা করা ওই শিক্ষার্থীর নিয়মিত যাতায়াতের চরম কষ্টের বিষয়টি জানতে পারেন রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক। ছাত্রটির কষ্ট লাঘব করার উদ্দেশ্যে তিনি দলমত নির্বিশেষে সরাসরি খুলনা জেলা পরিষদ প্রশাসকের নিকট ছেলেটির জন্য কিছু করার আহ্বান জানান। তাঁর এই আহ্বানে আন্তরিকভাবে সাড়া দিয়ে জেলা পরিষদ প্রশাসক মহোদয় দ্রুততম সময়ে ছাত্রটির জন্য একটি বাইসাইকেল মঞ্জুর করেন এবং আজ ২৪ মে ২০২৬ ইং তারিখ তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ মল্লিক বলেন, “আমি সবসময় সমাজের অসচ্ছল এবং অসহায় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজনীতি আমি নিজের আখের গোছানোর জন্য করি না; আমার রাজনীতি দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য।”
বাইসাইকেলটি হস্তান্তরকালে জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব এস, এম, মনিরুল হাসান বাপ্পী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দলমতের ঊর্ধ্বে উঠে সমাজের মানুষের কল্যাণে এই ধরনের সামাজিক ও মানবিক কাজের পরিধি যেন আগামীতেও সবসময় বজায় রাখা যায়।
একজন রাজনৈতিক নেতার আন্তরিক সুপারিশ এবং প্রশাসনের দ্রুত সাড়াদানের এই অনন্য দৃষ্টান্তকে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীসমাজ সাধুবাদ জানিয়েছেন। তারা জাবেদ মল্লিক ও জেলা পরিষদ প্রশাসক উভয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।