
নিজস্ব প্রতিবেদক, ধুপছায়া-রূপসা:
খুলনার রূপসা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম প্রফেসর আব্দুর রশিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) টিএসবি ইউনিয়নের দবিরউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
প্রফেসর আব্দুর রশিদ ছিলেন একজন মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব। সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তার পদচারণা ছিল উল্লেখ করার মতো। তিনি দীর্ঘ সময় রূপসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তার সততা, ন্যায়পরায়ণতা এবং আদর্শনিষ্ঠা তাকে সর্বমহলে শ্রদ্ধার পাত্র করে তুলেছে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তার সকল শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। তারা যেন প্রফেসর আব্দুর রশিদের রেখে যাওয়া আদর্শ ও মানবিক কাজগুলো স্মরণে রাখেন, সেই অনুরোধ জানানো হয়।