
নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনার রূপসা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের গতিশীলতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে সহায়ক উপকরণ (হুইলচেয়ার) বিতরণ করা হয়েছে। আজ উপজেলার অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে এই হুইলচেয়ারগুলো তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন এবং রূপসা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রিকতা।
হুইলচেয়ার বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, সঠিক সুযোগ ও সহায়ক পরিবেশ পেলে তারাও দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারেন। বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার এবং তাদের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপকরণ হাতে পাওয়ার পর উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা জানান, এই হুইলচেয়ার পাওয়ার ফলে এখন থেকে তাদের চলাফেরা অনেক সহজ হবে এবং তারা স্বাবলম্বী হওয়ার প্রেরণা পাবেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।