
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) পূর্বাহ্ণে যোগদান করেছেন হুরে জান্নাত। তিনি বিদায়ী জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হয়ে খুলনার মাঠ প্রশাসনের শীর্ষ পদে স্থলাভিষিক্ত হলেন।
হুরে জান্নাত বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। খুলনা জেলায় যোগদানের পূর্বে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে মেধা ও সততার স্বাক্ষর রেখেছেন।
ব্যক্তিগত জীবনে হুরে জান্নাত উত্তরবঙ্গের দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। যোগদানের পর তিনি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
নবাগত জেলা প্রশাসক হুরে জান্নাত খুলনার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে জেলাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।