
স্টাফ রিপোর্টার, ডাঃ মহিববুল্লাহ আল মামুন
খুলনায় জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, “বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।”
শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এদিন ১৭৪ জন নবীন আইনজীবীকে বরণ করে নেওয়া হয় এবং সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়।
আইনমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, অতীতের ভঙ্গুর বিচার ব্যবস্থা থেকে দেশকে উত্তরণ ঘটাতে জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি অঙ্গীকার করেন যে, বর্তমান সরকার একটি প্রভাবমুক্ত ও সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিচারক ও আইনজীবীদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
বর্তমান সময়ের আলোচিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট এবং ঐক্যবদ্ধ। তবে দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি কিছু বিষয়ে ‘নোট অফ ডিসেন্ট’ বা ভিন্নমত পোষণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন।
আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, সংসদ সদস্যবৃন্দ।হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা।
চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, সিনিয়র জেলা ও দায়রা জজ।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন আদালতের বিচারক এবং বিপুল সংখ্যক সিনিয়র ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা বজায় রেখে বিচারপ্রার্থী মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।