
রূপসা প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন সড়ক দুর্ঘ/টনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ ১৯ জুন (শুক্রবার) বিকেলে খুলনা জেলা ও রূপসা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন।
আহত এই রাজনৈতিক নেতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও তাঁর পরিবারের খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম এবং রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু।
এছাড়াও তাঁর পাশে ছুটে যান বিএনপি নেতা শামীম হাসান, জাহিদুল ইসলাম রবি, জহিরুল হক শারাদ, কৃষকদল নেতা হাফিজুর রহমান, জিয়া খান, আলামিন শেখসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং আহত খান আনোয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পরিবারকে সান্ত্বনা দেন। পরবর্তীতে তাঁর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে হাসপাতাল প্রাঙ্গণে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা মল্লিক আব্দুস সালাম। মোনাজাতে উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে আহত এই নেতার দ্রুত আরোগ্য কামনা করেন।