
তেরোখাদা (খুলনা) প্রতিনিধি -ধুপছায়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার তেরোখাদা উপজেলায় সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
শুভেচ্ছা বিনিময় শেষে তিনি উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও স্থানীয় সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজিজুল বারী হেলাল তেরোখাদার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পথিমধ্যে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই সার্থক হয় যখন আমরা একে অপরের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াই। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ কষ্টে আছে। আমরা সবসময় জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। তেরোখাদা, রূপসা ও দিঘলিয়ার মানুষের উন্নয়ন এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।
এসকল অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে আজিজুল বারী হেলালের ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনের সকল আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।