
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার
১০ জুলাই ২০২৬ টানা তিন দিনের ভারী বৃষ্টিতে খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ৮২৩ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ এবং প্রায় ৭৫০ কোটি টাকা ব্যয় হলেও ভোগান্তি কমেনি।
শহরের বিশেষায়িত হাসপাতাল মোড়, রয়েল মোড়, খানজাহান আলী সড়ক, আহসান আহমেদ রোড, চানমারী, টুটপাড়া, লবণচরা, রূপসা নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকেছে, সড়কে ইজিবাইক বিকল হয়ে পড়ছে এবং স্কুল-কলেজ ও অফিসগামী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, খাল ও নালার অপর্যাপ্ত সংস্কার, জোয়ারের পানি শহরে প্রবেশ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে জলাবদ্ধতা দিন দিন বাড়ছে। বিশেষ করে কারিগরপাড়া খাল ও ময়ূর নদে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হলেও পাম্প স্টেশন ও স্লুইসগেটের কাজ এখনও বাকি। এসব কাজ সম্পন্ন হলে প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া যাবে।
বিশেষজ্ঞদের মতে, ২২টি খালের পূর্ণাঙ্গ সংস্কার, নদী ড্রেজিং, অ/বৈধ দখল উচ্ছেদ এবং সমন্বিত পরিকল্পনা ছাড়া খুলনার জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়।