
ধুপছায়া ডেস্ক:
বাংলাদেশের গণতান্ত্রিক ও ফ্যা/সিবাদবিরোধী সংগ্রামের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে ধরে রাখতে প্রস্তুত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আগামী ৫ আগস্ট (বুধবার) সকাল ৯টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের ফলক উন্মোচন করবেন। মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
উদ্বোধনী দিনে বিশেষ অতিথিবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের জন্য স্থানটি সংরক্ষিত থাকবে। পরবর্তীতে আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে এটি সাধারণ সর্বস্তরের জনগণের দর্শনের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে।
সংস্কৃতি মন্ত্রী জানান, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত চিত্রমালা, স্মারক, ঐতিহাসিক দলিলপত্র এবং বিশেষ প্রদর্শনী ঘুরে দেখবেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন ওই সময়ের আন্দোলনকারী যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। এছাড়া, পুরো আন্দোলন ও গণমানুষের বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
সাংস্কৃতিক পর্বে দেশের খ্যাতনামা শিল্পীরা দেশাত্মবোধক গান ও আবৃত্তির মাধ্যমে জুলাইয়ের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পরিবেশন করবেন।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশি-বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উদ্বোধনী আয়োজনের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন জাদুঘরের মহাপরিচালক।
দর্শনার্থীদের জন্য টিকেট ও প্রবেশ সংক্রান্ত তথ্য
জাদুঘরটি দেখার জন্য অনলাইনেই টিকেট কাটার সুব্যবস্থা রাখা হয়েছে।
বড়দের জন্য টিকেট মূল্য: ৫০ টাকা,ছোটদের জন্য টিকেট মূল্য: ২৫ টাকা,উন্মুক্তের তারিখ: ৬ আগস্ট, বৃহস্পতিবার থেকে।