
খুলনা প্রতিনিধি:
ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে খুলনা অঞ্চল জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি সফলভাবে মোকাবিলা করতে তরুণদের সক্রিয় নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু।
সম্প্রতি নগরীর সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট আয়োজিত দিনব্যাপী ‘ইয়ুথ সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মানবসেবা ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট শুরু থেকেই সামনের সারিতে থেকে কাজ করছে। তরুণদের এই মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে আরও সুসংগঠিতভাবে যুক্ত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের সক্রিয় ইউনিট গড়ে তোলার ওপর জোর দেন তিনি। একই সাথে, নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে গৃহীত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে প্রশিক্ষণার্থীদের সরাসরি অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, ‘রেসপনসিভ গ্রান্ট বাংলাদেশ প্রোজেক্ট’-এর অধীনে খুলনা ও বাগেরহাটের ৬টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে ‘ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর’ দল। এই সদস্যরা নিজ নিজ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু অভিযোজনমূলক নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই সামিটের মূল উদ্দেশ্য ছিল তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করা এবং স্থানীয় রেড ক্রিসেন্ট কাঠামোর সাথে সম্পৃক্ততা আরও মজবুত করা।
রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান মনি।
সামিটে খুলনা বিএল কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ, আমেরিকান রেড ক্রস ও রেড ক্রিসেন্টের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ৯০ জন ইয়ুথ ক্লাইমেট অ্যাম্বাসেডর অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট খুলনার পিও মো. জহিরুল ইসলাম।