
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহার সরকারি ছুটি শেষে সারা দেশের সব অফিস-আদালত খুললেও খুলেনি যশোরের ঝিকরগাছার ৫ নম্বর পানিসারা ইউনিয়ন পরিষদের তালা। ছুটি পরবর্তী প্রথম কর্মদিবসেই পুরো পরিষদ কার্যালয় তালাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা শতশত সেবাগ্রহীতা।
১ জুন (সোমবার) দুপুরে সরজমিন পানিসারা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, মূল ফটকসহ ভবনের সবকটি কক্ষই তালাবদ্ধ। কার্যালয়ের আশেপাশে কোনো কর্মকর্তা-কর্মচারী বা দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি।
পরিষদের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ শাহ জামাল মুঠোফোনে জানান, ইউনিয়ন পরিষদের প্রশাসক সপ্তাহে সাধারণত দুই দিন আসেন। অফিস মূলত পরিচালনা করেন সচিব। আজ (সোমবার) সচিব তাকে ফোন করে অফিসে আসবেন না বলে জানান। সচিব না আসায় তারাও অফিসে তালা দিয়ে বাড়িতে চলে গেছেন।
এ বিষয়ে জানতে পানিসারা ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে পানিসারা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন:
”সচিব আমাকে ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ, তাই আজ আসতে পারবেন না। তবে তিনি কোনো লিখিত আবেদন বা দরখাস্ত দেননি।”
ছুটি শেষে প্রথম কর্মদিবসেই এভাবে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, কেউ অসুস্থতার কথা বললে সেখানে কিছু বলার থাকে না।
এদিকে দীর্ঘ ছুটির পর প্রয়োজনীয় সেবা নিতে এসে অফিস বন্ধ পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা অভিযোগ করে বলেন, “সচিব ফরহাদ হোসেন কোনোদিনই সময়মতো অফিসে আসেন না। বেলা ১১টার আগে তাকে কখনোই পরিষদে পাওয়া যায় না। আজ তো পুরো অফিসই তালাবদ্ধ।”
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাইদ জানান, ঘটনাটি তাঁর জানা ছিল না। খোঁজ নিয়ে এই বিষয়ে দ্রুত যথোপযুক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।