
ঈশ্বরদী (পাবনা):প্রতিনিধি
দীর্ঘদিনেও রাস্তা পাকা না হওয়ায় চরম ভোগান্তির শিকার পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুলচারা ও কামালপুর এলাকার বাসিন্দারা। বারবার আশ্বাস পেয়েও কোনো সুরাহা না হওয়ায়, এবার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তারা। খানাখন্দে ভরা ও কাদায় বেহাল হয়ে পড়া রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার সাহাপুর ও লক্ষীকুন্ডা ইউনিয়নের সীমান্তবর্তী বাবুলচারা থেকে কামালপুর অভিমুখী সড়কে এই ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী ‘চাঁ-দা লাগলে চাঁ-দা নে, তবুও রাস্তা করে দে’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরু হতেই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পুরো রাস্তা জুড়ে হাঁটু পর্যন্ত কাদা জমে থাকায় সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বাবুলচারা গ্রামের শত শত কৃষক প্রতিদিন চরের উর্বর জমিতে উৎপাদিত ফসল এই রাস্তা দিয়েই বিভিন্ন বাজারে নিয়ে যান। কিন্তু সড়কটির বর্তমান বেহাল দশার কারণে তারা সময়মতো ফসল বাজারজাত করতে পারছেন না। ফলে অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়ছেন তারা।
”বর্ষা এলেই এই রাস্তায় হাঁটু সমান কাদা হয়ে যায়। আমরা চরের ফসল বাজারে নিতে পারি না। আমাদের কষ্ট দেখার কেউ নেই।”
বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত জাতীয় নির্বাচনের আগে বর্তমান সংসদ সদস্য এই সড়কটি দ্রুত পাকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোটের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনকি সংসদ সদস্য কিংবা কোনো জনপ্রতিনিধি এলাকার খোঁজও নেননি।
প্রতিশ্রুতি ভঙ্গের এই ক্ষোভ থেকেই স্থানীয় জনতা রাস্তায় কাদার মধ্যেই ধানের চারা রোপণ করে এই শান্তিপূর্ণ অথচ জোরালো প্রতিবাদ জানান। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি পাকা করে এলাকার কয়েক হাজার মানুষের অর্থনৈতিক ও সামাজিক ভোগান্তি লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।