
খুলনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে সংগঠনের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে মহিলাদলের নেতাকর্মীরা অতীতেও সাহসিকতার সাথে রাজপথে লড়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মহিলাদলের প্রতিটি কর্মীকে ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ র্যালি প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলা এবং মহানগর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।