
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর লবণচোরা এলাকায় জ্বালানি তেলের অ/বৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ রোববার (৫ এপ্রিল) মহানগরীর দুটি ফিলিং স্টেশনে এই ঝটিকা অভিযান চালানো হয়।
খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান হাসান এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে লবণচোরা থানার অন্তর্গত মেট্রো ফিলিং স্টেশন এবং মেসার্স শিকদার ফিলিং স্টেশন-এর তেলের মজুদ ও স্টক রেজিস্টার নিবিড়ভাবে পরীক্ষা করা হয়।
তদন্তকালে দেখা যায়, মেসার্স শিকদার ফিলিং স্টেশন-এ পর্যাপ্ত পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও তারা সাধারণ ক্রেতাদের কাছে তা বিক্রি করছিল না। কৃত্রিম সংকট তৈরির এই অভিযোগে ‘ওজন ও মানদণ্ড পরিমাপ আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ম্যাজিস্ট্রেটের নির্দেশে জরিমানার টাকা তৎক্ষণাৎ আদায় করা হয় এবং পাম্প কর্তৃপক্ষকে সাথে সাথেই সাধারণ গ্রাহকদের মাঝে অকটেন বিতরণ শুরু করার নির্দেশ দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং লবণচোরা থানা পুলিশের একটি দল সক্রিয় সহযোগিতা প্রদান করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হাসান জানান, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।