
খুলনা জেলা প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ঝুঁকি মোকাবিলায় কেবল সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় খুলনার সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও মোবাইল আর্থিক সেবা প্রদানকারী সংস্থা ‘বিকাশ’-এর যৌথ বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোলার পার্কে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এই প্রকল্পটির অধীনে খুলনা শহরের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ২৫ হাজার গাছ রোপণ করা হবে।
উদ্বোধনী বক্তৃতায় প্রতিমন্ত্রী জানান, সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের একটি বিশাল জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তবে জলবায়ু দুর্যোগ মোকাবেলায় এই বিপুল লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খুলনাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা নির্দিষ্ট লেনদেনের মাধ্যমে ‘গ্রিন পয়েন্ট’ অর্জন করে ভার্চুয়াল গাছ বড় করতে পারেন। একটি ভার্চুয়াল বৃক্ষ পূর্ণাঙ্গ রূপ পেলে তার বিপরীতে বাস্তবে একটি করে গাছ রোপণ করছে বিকাশ। গ্রাহকদের এই পরিবেশবান্ধব অংশগ্রহণের ফসল হিসেবেই খুলনায় এই ২৫ হাজার বৃক্ষরোপণ উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় খুলনা ওয়াসার চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবিরসহ বন বিভাগ, কেসিসি ও স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।