
নিজস্ব প্রতিবেদক, খুলনা। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে উৎসবের আমেজে ভাসছে খুলনা মহানগরী। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে পরিবার-পরিজন নিয়ে আনন্দ ভাগাভাগি করতে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল।
সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিনেও সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল খানজাহান আলী (রূপসা) সেতু, শহীদ হাদিস পার্ক ও জাতিসংঘ শিশুপার্ক। বিশেষ করে রূপসা ও ভৈরব নদীর তীরবর্তী এলাকাগুলো এখন অঘোষিত মিলনমেলায় পরিণত হয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো ভিড় জমাচ্ছে সোনাডাঙ্গার ময়ূরী আবাসিক এলাকা, বটিয়াঘাটা ফেরিঘাট ও ৫ নম্বর ঘাটের মতো উন্মুক্ত স্থানগুলোতে।
ছোটদের উচ্ছ্বাস আর বড়দের আড্ডায় প্রতিটি স্পটই যেন প্রাণ ফিরে পেয়েছে। এছাড়া দিঘলিয়ার ঐতিহ্যবাহী ঈদ মেলা এবং বিশ্বখ্যাত সুন্দরবনেও পর্যটকদের চাপ বেড়েছে কয়েকগুণ। জনসমাগম সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে আনন্দ আর উৎসবের নগরীতে পরিণত হয়েছে খুলনা।