ধুপছায়া : এসএসসি পরীক্ষায় খুলনার রূপসা উপজেলায় সেরা সাফল্য অর্জন করেছে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যশোর শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৬.২৭ শতাংশ হলেও, এ বছর এই প্রতিষ্ঠান থেকে পাসের হার ৮০.২১ শতাংশ; যা বোর্ডের গড় হারের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি। ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন (সাধারণ শাখায় ১৬ জন এবং ভোকেশনাল শাখায় ১ জন)। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ৩২ জন, এ-মাইনাস ৮ জন এবং বি গ্রেড পেয়েছে ৫ জন শিক্ষার্থী।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অঙ্কে আশানুরূপ ফল না পাওয়ায় আরও প্রায় ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন থেকে বঞ্চিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান আনোয়ার হোসেন বলেন, "এবারের ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।"
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম জানান, ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় এ বছরের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীদের মেধার পাশাপাশি শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এ সাফল্যের অন্যতম কারণ।
উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরাও। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী অঙ্কিতা রায়ের মা মিনতি রানী মালাকার বলেন, পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষকদের সহযোগিতা ও বিদ্যালয়ের সুন্দর পরিবেশে অঙ্কিতা এ ফল অর্জন করতে পেরেছে। অপর জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী তাসনিম সাইবার বাবা জহিরুল হক শারাদ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।