ধুপছায়া ডেস্ক
দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্র থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের পদবির আগের বিশেষ সম্মানসূচক শব্দগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাম্প্রতিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সরকারি দাপ্তরিক নথিপত্র ও যোগাযোগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামের আগে ‘মাননীয়’ শব্দগুলো ব্যবহার করা হবে না। প্রশাসনিক কার্যক্রমে অতিরিক্ত প্রটোকল ও আনুষ্ঠানিকতা পরিহার করে কাজের গতিশীলতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অতীতে সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন, সার্কুলার এবং চিঠিপত্রে এই সম্মানসূচক উপাধিগুলো ব্যবহার করা বাধ্যতামূলক বা নিয়মিত প্রথার অংশ ছিল। প্রশাসনের নীতিনির্ধারণী মহলের এই পরিবর্তনের ফলে সরকারি দপ্তরে কাজের প্রক্রিয়া আরও আধুনিক ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।