বরিশাল প্রতিনিধি:
বরিশালে এক আবাসন ব্যবসায়ীকে অফিসে ঢুকে চরম শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটু নামে এক ব্যক্তিকে গ্রে/প্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) বেলা ২টার দিকে নগরের সদর রোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রে/প্তার করা হয়।
গ্রে/প্তার হওয়া মোস্তাফিজুর রহমান লিটু নগরীতে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়ভাবে পরিচিত। তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। তবে ঘটনার পর জেলা ও মহানগর যুবদল সংবাদ সম্মেলন করে দাবি করেছে, লিটু যুবদলের কোনো কমিটির সদস্য নন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যার পর নগরের সদর রোডে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদার শনিবার রাতে তার কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। এর আগে গত বৃহস্পতিবার তিনি আদালতে একটি নালিশি মা/মলা দায়ের করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের ওই ব্যক্তি আবাসন ব্যবসায়ীকে বেদম মারধর করেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক দুটি চেকে এবং স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। মারধরের সময় ভুক্তভোগী চিৎকার করলে বাইরের লোক সহায়তার জন্য এগিয়ে আসার চেষ্টা করলেও লিটুর সহযোগীরা তাদের ধাক্কা দিয়ে বের করে দেয়।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদার জানান, লিটু একসময় তার প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন। তার বিনিয়োগের বিপরীতে পাওনা জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের কাছে কোনো পাওনা নেই মর্মে লিখিত অঙ্গীকারনামাও রয়েছে। এরপরও লিটু তার কাছে ১ কোটি টাকা চাঁ/দা দাবি করে আসছিলেন। গত ২৭ জুন অফিসে ঢুকে মারধর করে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি ব্ল্যাংক চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে সই নেওয়া হয়। ঘটনার পরপরই ব্যাংককে অবহিত করায় কোনো টাকা তুলতে পারেনি অভিযুক্তরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম গ্রে/প্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মাম/লাটি এফআইআর হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।