আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের জেরে পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন নতুন দফার আলোচনা অংশ নিতে তার ইসলামাবাদে যাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের একমাত্র কারণ নিরাপত্তা। জেডি অসাধারণ একজন মানুষ।’
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছিলেন যে, ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তবে কূটনৈতিক সূত্রের খবর, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট ও আঞ্চলিক পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র তার সফরসূচিতে এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কোনো নেতার নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সব দিক বিবেচনা করেই হোয়াইট হাউস সফরটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।