ধুপছায়া ডেস্ক
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহজনক হামে আরও ২ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন আরও ১০০ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর, ২০২৬) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৪২৮ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হওয়া ২৫০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২১৯ জন সরকারি হাসপাতালে এবং ৩১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬ জনে।
বিভাগজুড়ে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকলেও খুলনা জেলায় এর প্রকোপ সবচেয়ে বেশি। জেলাটিতে এখন পর্যন্ত ৭ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৬৬ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে খুলনা ও কুষ্টিয়া জেলায় একজন করে মোট দুজন মারা গেছেন। একই সময়ে বিভাগে নতুন করে আরও ১০০ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।